মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসলাম নগর এলাকার ১২টি পরিবার দলিল মূলে হরিনারায়নপুর মৌজার ৩৮ শতক জমি ক্রয় করে দীর্ঘ ২৯ বছর ধরে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করছেন। সম্প্রতি স্থানীয় নুর ইসলাম, আব্দুল বারেক ও মাসুদ নামের তিন ব্যক্তি উক্ত জমিটি কবরস্থান দাবি করে পরিবারগুলোকে উচ্ছেদের চেষ্টা চালান এবং প্রাণনাশের হুমকি দেন।
এ ঘটনায় ভুক্তভোগী সৈয়দ আবু কায়েস বাদী হয়ে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (নং-৩৬৭/২৫) দায়ের করেন। গত ১৫ মার্চ আদালতের বিচারক গোলাম ফেরদৌস ওই জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সদর থানার ওসিকে নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশে ওই দিনই পুলিশ বিবাদীদের নোটিশ প্রদান করে।
ভুক্তভোগীদের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা ও পুলিশের নোটিশ উপেক্ষা করে বিবাদীরা জোরপূর্বক ওই জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। পুলিশ ঘটনাস্থলে এলে কাজ বন্ধ রাখলেও পুলিশ চলে যাওয়ার পর পুনরায় নির্মাণ কাজ শুরু করা হয়।
জমির বিক্রেতা হুমায়ুন কবির জানান, তাঁর বাবা ও চাচারা ২৯ বছর আগে এই জমি বিক্রি করেছেন। সেখানে কখনো কোনো কবরস্থান ছিল না।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, আদালতের নির্দেশ বাস্তবায়নে পুলিশ তৎপর রয়েছে। শান্তি-শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ করলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত