সারাদেশ

পাবনা পৌরসভায় মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা নুর মোহাম্মদ মাসুম বগার

প্রিন্ট
পাবনা পৌরসভায় মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা নুর মোহাম্মদ মাসুম বগার

প্রকাশিত : ১৬ মার্চ ২০২৬, রাত ১০:২৯

আসন্ন পাবনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা নুর মোহাম্মদ মাসুম বগা। রাজপথের ত্যাগী ও পরিচ্ছন্ন ইমেজের নেতা হিসেবে পরিচিত এই নেতাকে ঘিরে স্থানীয় সাধারণ ভোটার ও দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

রাজনৈতিক জীবনে নুর মোহাম্মদ মাসুম বগা পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ছিলেন। প্রায় সাড়ে তিন দশকের রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার কারাবরণ ও রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন। বিগত দুটি নির্বাচনেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাঁকে দলীয় মনোনয়ন (ধানের শীষ) দিয়েছিলেন। তবে তৎকালীন পরিস্থিতির কারণে তাঁর বিজয় সম্ভব হয়নি বলে দাবি অনুসারীদের।

স্থানীয়দের মতে, দীর্ঘ সময় ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় এবং মানবিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় সাধারণ ভোটারদের মাঝে তাঁর একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে। সাধারণ ভোটাররা এখন পরিবর্তন ও উন্নয়নের লক্ষে একজন সৎ ও শিক্ষিত জনপ্রতিনিধি খুঁজছেন।

নির্বাচনী আকাক্সক্ষা ব্যক্ত করে নুর মোহাম্মদ মাসুম বগা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমি আজীবন পাবনাবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করেছি। দল সমর্থন দিলে এবং জনগণ সুযোগ দিলে আমি পাবনা পৌরসভাকে চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদকমুক্ত একটি আধুনিক রোল মডেল শহর হিসেবে গড়ে তুলবো।

তিনি আরও জানান, বিগত দিনে তিনি যেভাবে মানুষের পাশে ছিলেন, আগামীতেও জনগণের অধিকার আদায়ে একইভাবে রাজপথে সক্রিয় থাকবেন।