সারাদেশ

শ্রীপুরে এনজিও কর্মীর ১ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই

প্রিন্ট
শ্রীপুরে এনজিও কর্মীর ১ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই

প্রকাশিত : ১৬ মার্চ ২০২৬, রাত ১০:৪৬

মাগুরার শ্রীপুরে দিনদুপুরে আয়শা খানম (৪৫) নামে আদ্-দ্বীন এনজিওর এক কর্মীর কাছ থেকে ১ লাখ ৪০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার কল্যাণপুর গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আয়শা খানম রাজারপুর গ্রাম থেকে ঋণের কিস্তির টাকা সংগ্রহ করে ভ্যানযোগে শ্রীপুর অফিসে ফিরছিলেন। পথিমধ্যে কল্যাণপুর এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা দুই হেলমেটধারী ছিনতাইকারী তাঁর গতিরোধ করে। এসময় ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে চলন্ত ভ্যান থেকে পড়ে আয়শা খানম গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শ্রীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

ভ্যানচালক নাজিরুল ইসলাম জানান, মোটরসাইকেল আরোহী দুইজন হঠাৎ ব্যাগ ধরে টান দেয়। এনজিও কর্মী ব্যাগটি ধরে রাখার চেষ্টা করলে তিনি নিচে পড়ে যান এবং ছিনতাইকারীরা টাকা নিয়ে চম্পট দেয়।

আদ্-দ্বীন এনজিওর মাগুরা রিজিওনাল ম্যানেজার মো. আবুল কালাম আজাদ জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

শ্রীপুর থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের শনাক্ত করতে এবং লুণ্ঠিত টাকা উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে।