সারাদেশ

বন্দরে বেপরোয়া চাঁদাবাজি: দিশেহারা ব্যবসায়ী ও সাধারণ মানুষ

প্রিন্ট
বন্দরে বেপরোয়া চাঁদাবাজি: দিশেহারা ব্যবসায়ী ও সাধারণ মানুষ

প্রকাশিত : ১৬ মার্চ ২০২৬, রাত ১১:৩০

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নারায়ণগঞ্জের বন্দরে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর নজরদারির কথা বলা হলেও বাস্তবে বিভিন্ন অজুহাতে চলছে অর্থ আদায়। এতে ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দরের বড় বড় শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে ফুটপাতের দোকানদাররাও চাঁদাবাজদের হাত থেকে রেহাই পাচ্ছেন না। ঈদ পুনর্মিলনী ও রাজনৈতিক অনুষ্ঠানের দোহাই দিয়ে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের নাম ভাঙিয়ে একটি চক্র লাখ লাখ টাকা চাঁদা আদায় করছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, হয়রানি এড়াতে তারা অনেকটা বাধ্য হয়েই চাঁদাবাজদের চাহিদা মেটাচ্ছেন। তাঁদের মতে, থানায় অভিযোগ করলে পরবর্তীতে আরও বেশি ঝামেলার সম্মুখীন হতে হয়, তাই লোকসান মেনেই তারা আপস করছেন।

পরিবহন সংশ্লিষ্টদের অভিযোগ, ঈদ এলেই খেয়াঘাট ও টোল প্লাজাসহ বিভিন্ন মোড়ে চাঁদাবাজি বেড়ে যায়। পরিবহন মালিক ও শ্রমিকেরা এই অশুভ চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছেন। এদিকে আবাসিক এলাকাগুলোতে রমজানের ডাক ও আলোকসজ্জার নামে পাড়া-মহল্লায় কিশোর গ্যাং ও স্থানীয় কিছু বখাটে চক্র সাধারণ বাসিন্দাদের উত্ত্যক্ত করে অর্থ আদায় করছে।

বন্দরের সচেতন মহলের দাবি, ঈদের আনন্দ ম্লান করতে ও জনমনে অস্থিরতা ছড়াতে এই চাঁদাবাজ সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। এ অবস্থা থেকে উত্তরণে প্রশাসনের দ্রুত ও জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।