সারাদেশ

বন্দরে বাকিতে পণ্য না দেওয়ায় চা দোকানিকে কুপিয়ে জখম: লুটপাট

প্রিন্ট
বন্দরে বাকিতে পণ্য না দেওয়ায় চা দোকানিকে কুপিয়ে জখম: লুটপাট

প্রকাশিত : ১৬ মার্চ ২০২৬, রাত ১১:৩৯

নারায়ণগঞ্জের বন্দরে বাকিতে পণ্য দিতে রাজি না হওয়ায় জুয়েল (৩৫) নামে এক চা দোকানিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এসময় হামলাকারীরা দোকান থেকে নগদ ৩৫ হাজার টাকা ও একটি স্মার্টফোন লুট করে নিয়ে যায়।

রবিবার (১৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বন্দর উপজেলা পরিষদ গেট সংলগ্ন একটি চা দোকানে এই হামলার ঘটনা ঘটে। আহত জুয়েল বালিগাঁও এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

ভুক্তভোগীর দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার রাতে আলীনগর কোবা মসজিদ এলাকার ভাড়াটিয়া প্রিন্স ও তার ভাই প্রান্ত নেশাগ্রস্ত অবস্থায় জুয়েলের দোকানে এসে বাকিতে সদাই চায়। জুয়েল বাকিতে পণ্য দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে জুয়েল রক্তাক্ত জখম হন। হামলাকারীরা দোকানের ক্যাশ থেকে নগদ ৩৫ হাজার টাকা এবং প্রায় ২৬ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় জুয়েল বাদী হয়ে প্রিন্স ও প্রান্তের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বন্দর থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।