সারাদেশ

জলঢাকায় জার্নালিস্ট ইউনিয়নের পরিচিতি সভা ও ইফতার মাহফিল

প্রিন্ট
জলঢাকায় জার্নালিস্ট ইউনিয়নের পরিচিতি সভা ও ইফতার মাহফিল

প্রকাশিত : ১৭ মার্চ ২০২৬, সন্ধ্যা ৮:৪২

বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন (বিজেউজে) জলঢাকা শাখার উদ্যোগে নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মাহমুদ আল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমেই দেশ ও সমাজ উপকৃত হয়। নবগঠিত এই সংগঠনটি দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি আশা করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম, উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমান মাস্টার, নায়েবে আমির ও প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াম্মার আল হাসান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন এবং সাবেক ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ প্রমুখ।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাকীম বদিউজ্জামান ও অর্থ সম্পাদক ফিরোজ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তুহিনুর রহমান নয়ন ও সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল। ইফতার মাহফিলে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।