সারাদেশ

এক্সপ্রেসওয়েতে বিকল ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা আহত ১: ৩ কিমি যানজট

প্রিন্ট
এক্সপ্রেসওয়েতে বিকল ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা আহত ১: ৩ কিমি যানজট

প্রকাশিত : ১৮ মার্চ ২০২৬, রাত ১০:০০

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় চালক গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট ও ধীরগতির সৃষ্টি হয়।

আহত মোটরসাইকেল চালক টুটুল (৩৮)। তিনি ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর এলাকার বাসিন্দা এবং আদমজী ইপিজেডে কর্মরত।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনারগাঁও থেকে শ্রীনগরগামী একটি ট্রাকের টায়ার ফেটে নিমতলা এলাকায় বিকল হয়ে পড়ে। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন।

খবর পেয়ে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। হাসাড়া হাইওয়ে থানার এসআই নাজমুল জানান, দুর্ঘটনা কবলিত যান দুটি সরিয়ে নেওয়ার কাজ চলছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।