সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় ঈদের আনন্দ: ৫ শতাধিক পরিবার পেল উপহার

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় ঈদের আনন্দ: ৫ শতাধিক পরিবার পেল উপহার

প্রকাশিত : ১৯ মার্চ ২০২৬, বিকাল ৫:৩২

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁওয়ে অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী এক ৫ টাকার ঈদ বাজার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন সহায়-এর উদ্যোগে এই সিজন-৬ কার্যক্রম সম্পন্ন হয়।

নামমাত্র ৫ টাকা প্রতীকী মূল্যের বিনিময়ে এই বাজার থেকে প্রায় পাঁচ শতাধিক অসহায় মানুষ তাদের পছন্দের ঈদ সামগ্রী সংগ্রহ করেন। উপহার সামগ্রীর তালিকায় ছিল আস্ত মুরগি, সেমাই, চাল, আলু, দুধ ও চিনিসহ ঈদের প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যপণ্য।

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের আত্মসম্মান বজায় রেখে তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই প্রতীকী মূল্যের বাজার। গত ৫ বছর ধরে সফলভাবে এটি পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

অভাবের দিনে ৫ টাকায় এমন সমৃদ্ধ ঈদ বাজার পেয়ে আনন্দ প্রকাশ করেছেন উপস্থিত উপকারভোগীরা। অনুষ্ঠানে সংগঠনের স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।