শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার বাবুপাড়া এলাকা থেকে মটকাটি সম্পূর্ণ খালি এবং অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এর ভেতরে কিছুই ছিল না। এর গঠনশৈলী এবং আকার দেখে শত বছরের প্রাচীন আমলের বলে ধারণা করছেন স্থানীয়রা। পরবর্তীতে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে জানানো হয়।
এদিকে এ খবর ছড়িয়ে পড়লে মটকাটি দেখতে এলাকার উৎসুক জনতা সেখানে ভিড় জমান। খবর পেয়ে ঘটনাস্থলে যান সিটি কর্পোরেশনের স্থানীয় ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান আহমেদ।
জানাগেছে, এই স্থানটিতে এক সময় রূপালি প্রেস হাউজ নামে পাটের ব্যবসা প্রতিষ্ঠান ও বড় বড় অনেকগুলো গুদাম ছিল। পাটের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পর গত প্রায় দুই দশক আগে গুদামগুলো সহ বিপুল পরিমান জমি প্লট আকারে বিক্রি করা হয়। পরবর্তীতে সেখানে আবাসিক এলাকা গড়ে ওঠে।
তবে একটি ভবন দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল। যিনি জমিটি ক্রয় করেছেন তিনি নতুন ভবন নির্মানের জন্য গত পাঁচ মাস ধরে পুরনো ভবনটি ভাঙার কাজ শুরু করেন।
শনিবার সকালে সিঁড়ি ভেঙ্গে মাটি খনন করতে গেলে মাটির নীচে প্রায় ৪০ ফুট গভীরে মটকাটি দেখতে পান শ্রমিকরা। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে মটকাটি দেখেন।
এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার জানান, প্রত্নতত্ত্ব বিভাগকে বিষয়টি অবহিত করা হবে। তারা পরীক্ষা-নিরীক্ষা করে এর সঠিক নির্মান কাল ও ঐতিহাসিক গুরুত্ব নিশ্চিত করতে পারবেন। বর্তমানে মটকাটি স্থানীয়দের তত্ত্বাবধানে নিরাপদ স্থানে রাখা হয়েছে।
মতামত