সারাদেশ

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলে জ্বালানি নিতে লাগবে ফুয়েল কার্ড

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলে জ্বালানি নিতে লাগবে ফুয়েল কার্ড

প্রকাশিত : ২৯ মার্চ ২০২৬, রাত ১০:৪০

জ্বালানি তেলের সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা আনতে ঠাকুরগাঁও জেলায় মোটরসাইকেলের জন্য ফুয়েল কার্ড বাধ্যতামূলক করেছে জেলা প্রশাসন। আগামী ৫ এপ্রিল থেকে এই কার্ড ছাড়া জেলার কোনো পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলে জ্বালানি তেল নেওয়া যাবে না।

জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, জ্বালানির সুষ্ঠু বণ্টন নিশ্চিত ও কালোবাজারি রোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার সব মোটরসাইকেল চালককে নিজ নিজ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, পুলিশ স্টেশন বা পৌরসভা থেকে আগামী ৪ এপ্রিলের মধ্যে এই কার্ড সংগ্রহ করতে হবে। কার্ড পেতে জাতীয় পরিচয়পত্র, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও মোবাইল নম্বর প্রয়োজন হবে।

এছাড়া অন্য জেলার বাসিন্দা যারা পেশাগত কারণে ঠাকুরগাঁওয়ে অবস্থান করছেন, তাদের জেলা প্রশাসকের কার্যালয় থেকে ফুয়েল কার্ড নিতে বলা হয়েছে। প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রাপ্ত জ্বালানি তেল কোনোভাবেই হস্তান্তর বা বিক্রয়যোগ্য নয়। এই নিয়ম ভঙ্গ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসন মনে করছে, এই সিদ্ধান্তের ফলে জ্বালানি তেলের অপচয় রোধ হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি ও দীর্ঘ লাইন কমবে।