মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আধুনিক পর্যটন কেন্দ্র ও বৃদ্ধাশ্রমের নামে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হলেও বর্তমানে সেখানে ঘণ্টা চুক্তিতে রুম ভাড়া দিয়ে অসামাজিক কার্যকলাপ চালানো হচ্ছে। এমনকি অনলাইনে বুকিংয়ের মাধ্যমে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও বহিরাগতদের অনৈতিক সুযোগ করে দেওয়া হচ্ছে। এছাড়া রাতভর উচ্চশব্দে গানবাজনা, জুয়া এবং মাদকের আড্ডায় এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে বলে দাবি করেন স্থানীয়রা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জামিল মোরসালিন। তিনি বলেন, আমরা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নই, কিন্তু রিসোর্টের আড়ালে তরুণ প্রজন্মের নৈতিক অবক্ষয় মেনে নেওয়া হবে না। সমাজ বাঁচাতে এই রিসোর্ট অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। মানববন্ধন শেষে বিপুল সংখ্যক নারী-পুরুষ ঝাড়ু হাতে এলাকায় বিক্ষোভ মিছিল করেন।
তবে অভিযোগ অস্বীকার করে রিসোর্টের কর্ণধার শরিফুল ইসলাম জনি বলেন, রিসোর্টটি এখনো নির্মাণাধীন। যারা মানববন্ধন করছে তারা শুরু থেকেই আমার সাথে ছিল, এখন কোনো স্বার্থের কারণে শত্রুতা করছে কি না তা খতিয়ে দেখা দরকার।
মতামত