সারাদেশ

বন্দরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: বাড়িঘর ভাঙচুর

প্রিন্ট
বন্দরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: বাড়িঘর ভাঙচুর

প্রকাশিত : ৩০ মার্চ ২০২৬, রাত ১১:৫১

নারায়ণগঞ্জের বন্দরে দাবিকৃত ১ লাখ টাকা চাঁদা না পেয়ে ইকবাল হোসেন (৩৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম ও তার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। গত শনিবার (২৮ মার্চ) দুপুরে বন্দর থানার ২৭ নম্বর ওয়ার্ডের ফুলহর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ইকবাল বাদী হয়ে সন্ত্রাসী হৃদয় ও জয় মিয়াসহ ৫ জনের বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ফুলহর এলাকার আজিজুল হকের ছেলে ইকবালের কাছে দীর্ঘদিন ধরে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল একই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ হৃদয় ও তার সহযোগীরা। শনিবার দুপুরে ইকবাল বাড়ি থেকে বের হয়ে মদনপুর স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হলে পথে সন্ত্রাসীরা তার গতিরোধ করে। এসময় জয় মিয়ার নির্দেশে হৃদয় ধারালো চাপাতি দিয়ে ইকবালের মাথায় কোপ দিয়ে গুরুতর জখম করে।

পরে প্রাণ বাঁচাতে ইকবাল দৌড়ে নিজের বাড়িতে আশ্রয় নিলে সন্ত্রাসীরা লোহার গেট ভাঙচুর করে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) প্রেরণ করেন। পুলিশ জানায়, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।