সারাদেশ

সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার আসামি ছাত্রলীগ ক্যাডার হাবিব প্রকাশ্যে: জনমনে আতঙ্ক

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার আসামি ছাত্রলীগ ক্যাডার হাবিব প্রকাশ্যে: জনমনে আতঙ্ক

প্রকাশিত : ৩১ মার্চ ২০২৬, রাত ১২:১২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে একাধিক ছাত্র হত্যা মামলার আসামি ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের সহযোগী হাবিবুর রহমান হাবিব প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এই নেতার অবাধ বিচরণে স্থানীয় সাধারণ মানুষ ও আন্দোলনকারী ছাত্র-জনতার মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

অভিযোগ রয়েছে, নাসিক ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও মহানগর যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এলাকায় চাঁদাবাজি, ঝুট সন্ত্রাস ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। গত ২০ জুলাই চিটাগাংরোড ও ভূমি পল্লী এলাকায় ছাত্র-জনতার ওপর ককটেল হামলা ও আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণের ঘটনায় তার সক্রিয় ভূমিকা ছিল বলে একাধিক মামলায় উল্লেখ করা হয়েছে।

৫ আগস্টের পর গা ঢাকা দিলেও সম্প্রতি টাকার জোরে প্রভাবশালী মহলকে ম্যানেজ করে তিনি এলাকায় প্রকাশ্যে বিচরণ করছেন। এমনকি স্থানীয় কিছু অসাধু মহলের আশ্রয়ে তিনি পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছেন বলে তৃণমূল বিএনপি নেতাকর্মীদের অভিযোগ। তারা বলছেন, জুলাই বিপ্লবের ঘাতকদের এভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ানো শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতার শামিল।

এলাকাবাসীর দাবি, চিহ্নিত এই সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। একই সাথে প্রশাসনের উদাসীনতা কাটিয়ে জননিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।