সারাদেশ

সেলিম মন্ডল হত্যা মামলা: সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর

প্রিন্ট
সেলিম মন্ডল হত্যা মামলা: সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর

প্রকাশিত : ৩১ মার্চ ২০২৬, রাত ১২:২০

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩০ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মন্ডল হত্যা মামলায় শুনানি শেষে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় সেলিম মন্ডলকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় গত ২৬ ফেব্রুয়ারি আইভীকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এ নিয়ে মোট ১১টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো। এর আগে ৫টি মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনে সেগুলোর কার্যকারিতা বর্তমানে স্থগিত রয়েছে।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন দাবি করেন, মূল এজাহারে আইভীর নাম নেই এবং ঘটনার দীর্ঘ সময় পর তাকে হয়রানিমূলকভাবে এই মামলায় যুক্ত করা হয়েছে। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে জানায়, মামলার তদন্ত চলমান থাকায় এ পর্যায়ে জামিন দিলে তদন্ত বিঘ্নিত হতে পারে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।