সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ অঙ্গীকারের অংশ হিসেবে নারায়ণগঞ্জ সওজ বিভাগ আগামী ৬ মাসের মধ্যে ১০ হাজার গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি মান্নান বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে এই উদ্যোগ। তবে শুধু গাছ লাগালেই হবে না, সেগুলো যেন নষ্ট না হয় সেদিকে নেতাকর্মী ও সাধারণ মানুষকে খেয়াল রাখতে হবে।
মহাসড়কের যানজট নিরসনে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দখল করে ফুটপাতে দোকান ও টিকেট কাউন্টার বসানোর কারণেই কাঁচপুর এলাকায় সার্বক্ষণিক যানজট লেগে থাকে। হাইওয়ে পুলিশ যদি এসব উচ্ছেদে কার্যকর ভূমিকা না রাখে, তবে জেলা পুলিশের সহায়তায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি দ্রুত টিকেট কাউন্টারগুলো মহাসড়কের পাশ থেকে নবনির্মিত বাস টার্মিনালে স্থানান্তরের তাগিদ দেন।
সওজ-এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান, পর্যায়ক্রমে সড়ক ও জনপথের দুই পাশে ১০ হাজার বৃক্ষ রোপণ কার্যক্রম সম্পন্ন করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সওজ-এর উপ-বিভাগীয় প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মতামত