সারাদেশ

সাঁথিয়ায় দিনমজুরকে কুপিয়ে হত্যা, আটক ৩

প্রিন্ট
সাঁথিয়ায় দিনমজুরকে কুপিয়ে হত্যা, আটক ৩

প্রকাশিত : ১ এপ্রিল ২০২৬, রাত ১১:৫২

পাবনার সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামে আফছার সরদার (৪৫) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত আফছার ওই গ্রামের কাজী সরদারের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে আফছারকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে দুটি রাজনৈতিক গ্রুপের মধ্যে চরম বিরোধ চলছে। সেই দ্বন্দ্বের জেরে প্রতি বছরই এখানে রক্তক্ষয়ী সংঘর্ষ ও হত্যার ঘটনা ঘটে। নিহতের মা আবেদা খাতুন ও স্থানীয় বাসিন্দা আব্দুল করিম জানান, আফছার একজন সহজ-সরল মানুষ ছিলেন। তাকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর এলাকায় নতুন করে উত্তেজনা ও লুটপাটের আশঙ্কা করছে সাধারণ মানুষ।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জানান, পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে তিনজনকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত সাপেক্ষে দ্রুত মূল রহস্য উদঘাটন করা হবে।