সারাদেশ

পাঁচবিবিতে মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণ ও প্রদর্শনী

প্রিন্ট
পাঁচবিবিতে মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণ ও প্রদর্শনী

প্রকাশিত : ১ এপ্রিল ২০২৬, রাত ১১:৫৮

জয়পুরহাটের পাঁচবিবিতে মৎস্য চাষের আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ ও চাষিদের সহায়তা প্রদানের লক্ষ্যে প্রদর্শনী ও উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ এপ্রিল) উপজেলা কার্যালয় চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মৎস্য অধিদপ্তরের অধীনে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)-এর আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য এ উপকরণ বিতরণ করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলায়েত হোসেন।

উপস্থিত চাষিদের মাঝে মৎস্য চাষের আধুনিক পদ্ধতি, উন্নত পুকুর ব্যবস্থাপনা ও মাছের রোগ প্রতিরোধ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। আলোচনা শেষে নির্বাচিত চাষিদের হাতে প্রয়োজনীয় সরঞ্জাম ও উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আকতারসহ মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মকর্তারা জানান, সরকারের এই উদ্যোগের ফলে স্থানীয় পর্যায়ে মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি চাষিদের আর্থিক সচ্ছলতা ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে। স্থানীয় মৎস্য চাষিরাও সরকারের এই টেকসই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।