সারাদেশ

মাগুরায় নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার: ধর্ষণের পর হত্যার অভিযোগ

প্রিন্ট
মাগুরায় নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার: ধর্ষণের পর হত্যার অভিযোগ

প্রকাশিত : ২ এপ্রিল ২০২৬, রাত ১২:০৩

মাগুরা প্রতিনিধি মাগুরার শ্রীপুর উপজেলায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর লিমা খাতুন (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) সকাল ১১টার দিকে নিহতের বাবার বাড়ির পাশের একটি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, লিমাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

নিহত লিমা খাতুন উপজেলার গয়েশপুর ইউনিয়নের বড় উদাস গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে। তার স্বামী ঝিনাইদহ সদর উপজেলার বাসিন্দা সুজন মিয়া। লিমা বর্তমানে বাবার বাড়িতেই অবস্থান করছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল থেকে নিখোঁজ ছিলেন লিমা। আজ সকালে বাড়ির পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ ও ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।