সারাদেশ

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ৫ মাদক কারবারিসহ গ্রেফতার ৬

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ৫ মাদক কারবারিসহ গ্রেফতার ৬

প্রকাশিত : ২ এপ্রিল ২০২৬, রাত ১১:১০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। একই অভিযানে ওয়ারেন্টভুক্ত আরও এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন, মো. ওমর ফারুক (৩০), বিজয় (২১), মো. রিপন (৩৮), মো. সাগর ওরফে টেটু (২২) এবং শাকিল ওরফে টুন্ডা শাকিল (৩৫)। পুলিশ জানায়, গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে ১৪৫ পুরিয়া হেরোইন এবং ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মিজমিজি পশ্চিমপাড়া এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত আসামি মো. মজিবুর রহমানকে গ্রেফতার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে । এলাকায় মাদক, চুরি ও চাঁদাবাজ নির্মূলে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।