সারাদেশ

সিরাজদিখানে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান: ট্রাক জব্দ ভেক্যু ধ্বংস

প্রিন্ট
সিরাজদিখানে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান: ট্রাক জব্দ ভেক্যু ধ্বংস

প্রকাশিত : ৩ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৮:৪৯

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রামকৃষ্ণদি এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে চার ঘণ্টাব্যাপী বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে একটি ট্রাক জব্দ ও মাটি কাটার ভেক্যু (এক্সেভেটর) ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রূম্পা ঘোষের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি, সার্কেল এএসপি মো. আনোয়ার পারভেজ, ক্যাপ্টেন তানজিম এবং সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।

অভিযান চলাকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী, মাটি পরিবহনের দায়ে একটি ট্রাক জব্দ করে পুলিশি জিম্মায় দেওয়া হয়। এছাড়া মাটি কাটায় ব্যবহৃত একটি ভেক্যু মেশিন ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়।

এ ঘটনায় জড়িত শামসুদ্দিন খান খোকনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য সিরাজদিখান থানার ওসিকে নির্দেশ প্রদান করা হয়েছে।

সিরাজদিখান উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরণের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।