শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে নিখোঁজ যুবক শুভর স্ত্রী পিংকি বাদী হয়ে এই এজাহার দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ সন্ধ্যায় জরুরি কাজের কথা বলে শুভকে ফতুল্লার চাঁদমারী বস্তি এলাকায় ডেকে নেওয়া হয়। বাদীর অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে সেখানে শুভকে মারধর করার পর শহরের চাষাড়া রেললাইন সংলগ্ন একটি অটোরিকশার গ্যারেজে নিয়ে গুম করা হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ এবং তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
মামলায় মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানাসহ এজাহার নামীয় ৮ জন এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে। পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে সাব্বির, রাজ্জাক ও মহসিন নামে তিনজনকে গ্রেপ্তার করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিলন ফকির জানান, নিখোঁজ শুভকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) হাসিনুজ্জামান বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। নিখোঁজ শুভকে উদ্ধার করাই আমাদের প্রধান লক্ষ্য, তাকে পাওয়া গেলেই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে। তবে তিনি আরও উল্লেখ করেন যে, নিখোঁজ শুভর বিরুদ্ধেও আগে থেকে দুটি মামলা রয়েছে এবং পুলিশ তাকে খুঁজছিল।
মতামত