সারাদেশ

সোনারগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ২: রূপগঞ্জে ম্যাগজিন ও গুলি উদ্ধার

প্রিন্ট
সোনারগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ২: রূপগঞ্জে ম্যাগজিন ও গুলি উদ্ধার

প্রকাশিত : ৪ এপ্রিল ২০২৬, বিকাল ৫:১৯

নারায়ণগঞ্জের সোনারগাঁও ও রূপগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়েছে র‌্যাব-১১। অভিযানে ১০২৩ বোতল ফেনসিডিল ও ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এছাড়া রূপগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি-এর একটি আভিযানিক দল সোনারগাঁও থানাধীন চেঙ্গাইল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১০২৩ বোতল ফেনসিডিল ও স্কাফ, ২৬ কেজি গাঁজা এবং এক বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ফরিদপুরের বোয়ালমারী থানার মৃত ওয়াদুদ মোল্লার ছেলে সুজন মোল্লা (২১), সোনারগাঁওয়ের বাসটেকি এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে জাবেদ (৩৫)।

অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি এবং দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা সীমান্ত এলাকা থেকে অভিনব কৌশলে মাদক এনে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করত। তাদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে পৃথক আরেকটি অভিযানে শুক্রবার দিবগত রাত ২টার দিকে রূপগঞ্জ থানাধীন মাসুমপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি পিস্তলের ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব। উদ্ধারকৃত এসব সরঞ্জাম রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।