সরেজমিনে বন্দর ঘারমোড়া বাজারসহ বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করে খুচরা পর্যায়ে অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রি হচ্ছে। বিসা মিষ্টান্ন ভাণ্ডারের মালিক বিসা জানান, মাত্র এক সপ্তাহের ব্যবধানে সিলিন্ডার প্রতি ৪০০ টাকা বাড়ায় রান্নার খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে। সাধারণ ক্রেতারা বলছেন, আয় না বাড়লেও নিত্যপণ্যের সাথে পাল্লা দিয়ে গ্যাসের দাম বাড়ায় তারা দিশেহারা। অনেকে গ্যাস ছেড়ে পুনরায় খড়ি বা জ্বালানি কাঠে ফেরার কথা ভাবছেন।
খুচরা বিক্রেতাদের দাবি, কোম্পানি পর্যায়ে দাম বাড়ায় তারা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। ঘারমোড়া বাজারের বিক্রেতা জামাল মিয়া জানান, পাইকারি দরেই বেশি দাম দিতে হচ্ছে, যার ফলে ক্রেতাদের সঙ্গে প্রায়ই বাকবিতণ্ডা ঘটছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও কাঁচামাল আমদানিতে বিঘ্ন ঘটার অজুহাতে সরবরাহকারী কোম্পানিগুলো দাম বাড়িয়েছে। তবে সাধারণ ভোক্তাদের দাবি, প্রশাসন যেন দ্রুত বাজার মনিটরিং করে কৃত্রিম সংকট ও অতিরিক্ত মুনাফাখোরদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
মতামত