সারাদেশ

ফতুল্লায় নিখোঁজ শিশুর গলাকাটা লাশ উদ্ধার: মাথা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

প্রিন্ট
ফতুল্লায় নিখোঁজ শিশুর গলাকাটা লাশ উদ্ধার: মাথা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশিত : ৬ এপ্রিল ২০২৬, রাত ১০:০৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর সৈকত (৭) নামে এক মাদ্রাসাছাত্রের বীভৎস মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) বিকেলে উত্তর নরসিংপুরের বক্তাবলী রোডে হাশেম স্পিনিং মিল সংলগ্ন একটি পরিত্যক্ত জমি থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। নিহত সৈকত গাইবান্ধা জেলার আঞ্জু মিয়ার ছেলে। সে স্থানীয় মাহমুদিয়া মাদ্রাসার ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার (৫ এপ্রিল) দুপুরে বাবার কাছ থেকে চকলেট কেনার টাকা নিয়ে বাসা থেকে বের হয় সৈকত। এরপর সে আর ফেরেনি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার সন্ধান পাননি। সোমবার বিকেলে স্থানীয়রা পরিত্যক্ত জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। দুর্বৃত্তরা শিশুটিকে গলা কেটে হত্যার পর ইট দিয়ে মাথা থেঁতলে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহত সৈকতের বাবা আঞ্জু মিয়া কান্নায় ভেঙে পড়ে বলেন, আমার শান্ত ছেলেটা কারো কোনো ক্ষতি করেনি। যারা এমন নিষ্ঠুরভাবে আমার ছেলেকে মারল, আমি তাদের ফাঁসি চাই।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান। তিনি জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার মোটিভ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। দ্রুতই আসামিদের আইনের আওতায় আনা হবে।