সারাদেশ

সিদ্ধিরগঞ্জে মাদরাসার বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণ

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে মাদরাসার বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণ

প্রকাশিত : ৭ এপ্রিল ২০২৬, রাত ১২:০২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নূরুল কুরআন নূরানী হাফিজিয়া মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে নাসিক ৪ নম্বর ওয়ার্ডের উত্তর আজীবপুর কোনাপাড়া এলাকায় মাদরাসা প্রাঙ্গণে কৃতী শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

মাদরাসা ও কোনাপাড়া জামে মসজিদের সভাপতি টিএইচ তোফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক কাঁচপুর শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. হাবিবুর রহমান। মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ক্বারী মোহাম্মদ আলী মর্তুজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোহাম্মদউল্লাহ জাহিদ, যুবদল নেতা মো. মাহাবুব হোসেন ও মো. ইব্রাহিম হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মো. হাবিবুর রহমান বলেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও শৃঙ্খলার সমন্বয়ে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের লক্ষ্য। সমাজকে আলোকিত করতে দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম ও মানবসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন শ্রেণিতে মেধা তালিকায় স্থান অর্জনকারীসহ উত্তীর্ণ সকল শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।