সারাদেশ

আড়াইহাজারে পুলিশের অভিযানের গাঁজা লুট: আটক ২

প্রিন্ট
আড়াইহাজারে পুলিশের অভিযানের গাঁজা লুট: আটক ২

প্রকাশিত : ৭ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৭:০৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের মাদকবিরোধী অভিযানের ঠিক আগমুহূর্তে গাঁজার একটি বড় চালানের একাংশ লুট করে নিয়েছে মাদক ব্যবসায়ীরা। ৩০ কেজি গাঁজা মজুদের খবরের ভিত্তিতে পুলিশ পৌঁছানোর আগেই ৮ কেজি গাঁজা সরিয়ে ফেলে চক্রটি। তবে পরবর্তী অভিযানে ২২ কেজি গাঁজাসহ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ এপ্রিল) রাত ১১টার দিকে বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী ফেরিঘাট সংলগ্ন ড্যাংপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন, বিশনন্দী গ্রামের জহিরুল ইসলাম (৪০) ও কালু হোসেন (৩৭)।

মাদকের বড় চালান মজুদের গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযানে নামে আড়াইহাজার থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়েই মাদক কারবারি শুক্কুর আলী, আল-আমিন ও তাদের সহযোগীরা দ্রুত মাদক সরিয়ে নেওয়ার চেষ্টা চালায়। সময়ের অভাবে তারা পুরো চালান সরাতে না পারলেও ৮ কেজি গাঁজা লুট করে চম্পট দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবশিষ্ট ২২ কেজি গাঁজা উদ্ধার ও দুইজনকে আটক করে।

স্থানীয়দের অভিযোগ, গ্রেপ্তারকৃতরা এবং পলাতক শুক্কুর আলী ও আল-আমিন একটি সুসংগঠিত মাদক সিন্ডিকেটের সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাদকের বড় চালান এনে আড়াইহাজারে সরবরাহ করে আসছিল।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, আমাদের কাছে ৩০ কেজি গাঁজা মজুদের তথ্য ছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই মাদক ব্যবসায়ীরা কৌশলে ৮ কেজি সরিয়ে ফেলে। ঘটনাস্থল থেকে ২২ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় মঙ্গলবার থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।