সারাদেশ

সিদ্ধিরগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ: আহত ৩

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ: আহত ৩

প্রকাশিত : ৮ এপ্রিল ২০২৬, রাত ১২:২৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এক নেতার মাথা ফেটে যাওয়াসহ অন্তত তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে নাসিক ৮নং ওয়ার্ডের শান্তিনগর ক্যানেল পাড় বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতি দলের সভাপতি মো. তাইজুল ইসলামের মাথায় ১৮টি সেলাই দিতে হয়েছে। অন্য আহতরা হলেন, মো. জামান (৪৫) ও মো. সাইফুল ইসলাম (৩৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুট ব্যবসা নিয়ে জেলা বিএনপির সাবেক সদস্য মো. শামসুদ্দীন শেখ ও তাঁতি দল নেতা তাইজুল ইসলামের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। দুপুরে দুই পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধলে শামসুদ্দীনের সমর্থকরা গরম চায়ের কেটলি দিয়ে তাইজুলের মাথায় আঘাত করে। এতে গরম পানিতে দগ্ধসহ তিনজন আহত হন।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় দুই পক্ষ থেকেই থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।