সারাদেশ

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ স্কাউট দিবস পালিত

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ স্কাউট দিবস পালিত

প্রকাশিত : ৮ এপ্রিল ২০২৬, রাত ৯:১৯

নতুন দিনের অঙ্গীকার স্কাউট হোক সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে বাংলাদেশ স্কাউট দিবস পালিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ স্কাউট ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন স্কাউট সদস্যরা। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।

সভায় বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের শিক্ষায় উদ্বুদ্ধ করাই স্কাউটিংয়ের মূল লক্ষ্য। অনুষ্ঠানে জেলা স্কাউটের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, আঞ্চলিক উপ-কমিশনার আঞ্জুমান আরা বেবি ও কাব লিডার সুরাইয়া বেগমসহ স্কাউটের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।