সারাদেশ

সিরাজদিখানে শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

প্রিন্ট
সিরাজদিখানে শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

প্রকাশিত : ৮ এপ্রিল ২০২৬, রাত ১১:২৩

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পারিবারিক বিরোধের জেরে হান্নান বেপারী (৫০) নামে এক স্কুল শিক্ষককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার নিমতলা বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত হান্নান বেপারী রাজদিয়া উচ্চ বিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক।

ভুক্তভোগীর অভিযোগ, সকালে কর্মস্থলে যাওয়ার পথে শামীম নামে এক যুবলীগ নেতার নেতৃত্বে কয়েকজন তার গতিরোধ করে। পরে তাকে অটোরিকশা থেকে নামিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় হামলাকারীরা তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকি দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ ঘটনায় শিক্ষক হান্নান বেপারী বাদী হয়ে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত শামীম স্থানীয় যুবলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হান্নান জানান, শিক্ষককে মারধরের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।