সারাদেশ

চিকিৎসায় কোনো ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান

প্রিন্ট
চিকিৎসায় কোনো ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান

প্রকাশিত : ৯ এপ্রিল ২০২৬, রাত ১২:১১

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে। এখানে চিকিৎসাসেবায় কোনো ধরনের ত্রুটি বা অবহেলা সহ্য করা হবে না।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে ব্যক্তিগত অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি ওষুধ প্রদানকালে তিনি এসব কথা বলেন। এমপি মান্নান আক্ষেপ করে বলেন, বিগত বছরগুলোতে এই হাসপাতালের নাজুক অবস্থার কারণে সোনারগাঁবাসী অনেক কষ্ট পেয়েছে। এমনকি আমার আপন ভাইও এই হাসপাতালে যথাযথ চিকিৎসা না পেয়ে মারা গেছেন, যা অত্যন্ত বেদনাদায়ক।

জরুরি ওষুধের অভাবে রোগীদের চিকিৎসা ব্যাহত হওয়ার খবর পেয়ে তিনি তাৎক্ষণিক নিজ উদ্যোগে ওষুধ সরবরাহ করেন। তিনি আরও বলেন, চিকিৎসক ও নার্সদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। হাসপাতালের ভবন সংস্কার, আধুনিক যন্ত্রপাতি সংযোজন ও জনবল নিয়োগের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে সুপারিশ করা হয়েছে।

ওষুধ প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুমাইয়া ইয়াকুব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।