সারাদেশ

রূপগঞ্জে মিথ্যা মামলায় প্রবাসী পরিবারকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

প্রিন্ট
রূপগঞ্জে মিথ্যা মামলায় প্রবাসী পরিবারকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত : ৯ এপ্রিল ২০২৬, রাত ১১:১২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি প্রবাসী পরিবারকে মিথ্যা মামলায় পুলিশি হয়রানির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলার ভোলাবো ইউনিয়নের চাড়িতাল্লুক এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় আউয়াল মিয়ার মেয়ে হাবিবার স্বামী মালয়েশিয়া প্রবাসী হওয়ায় তিনি সন্তানদের নিয়ে বাবার বাড়িতে থাকেন। বাড়ির উঠান দিয়ে চলাচলের সময় স্থানীয় কিছু বখাটে তাকে উত্যক্ত ও কুরুচিপূর্ণ মন্তব্য করত। নিরাপত্তার স্বার্থে আউয়াল মিয়া ওই পথ দিয়ে বহিরাগতদের চলাচল বন্ধ করে দিলে ক্ষিপ্ত হয় স্থানীয় একটি পক্ষ। এর জেরে মামলাবাজ হিসেবে পরিচিত আলমগীর হোসেনের প্ররোচনায় আউয়াল মিয়ার পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়। ওই মামলায় পুলিশ তাদের গ্রেপ্তার করলে তারা জেলও খাটেন।

বক্তারা আরও বলেন, নিরীহ পরিবারটিকে সামাজিকভাবে হেয় করতে এবং ভিটেমাটি ছাড়া করতেই এই সাজানো মামলা দেওয়া হয়েছে। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং মামলাবাজ চক্রের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিটন মাস্টার, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল ভূঁইয়া, বিএনপি নেতা লতিফ ভূঁইয়া এবং ভোলাবো ইউনিয়ন জামায়াতের আমীর মো. মোজাম্মেল বেপারী প্রমুখ।