সারাদেশ

সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী কাইল্লা রক্সি গ্রেপ্তার

প্রিন্ট
সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী কাইল্লা রক্সি গ্রেপ্তার

প্রকাশিত : ১১ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৬:১৯

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মূর্ত আতঙ্ক ও শীর্ষ সন্ত্রাসী মাহবুবুর রহমান ওরফে কাইল্লা রক্সিকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। শুক্রবার (১০ এপ্রিল) রাতে উপজেলার কেওডালা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত রক্সি মোগড়াপাড়া ইউনিয়নের দমদমা এলাকার নজরুল ইসলাম নজুর ছেলে।

সে দীর্ঘ দিন ধরে সোনারগাঁ ও আশপাশের এলাকায় একটি সশস্ত্র বাহিনী পরিচালনা করে আসছিল। অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, ডাকাতি, জমি দখল ও চাঁদাবাজি ছিল তার নিত্যদিনের কাজ।

রক্সি টেকনাফ সীমান্ত থেকে ইয়াবা ও ফেনসিডিল এনে নারায়ণগঞ্জ ও ঢাকায় সরবরাহের একটি শক্তিশালী চক্র নিয়ন্ত্রণ করত। তার বিরুদ্ধে সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ ও গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় হত্যাচেষ্টা, অপহরণ ও মাদকসহ মোট ২৮টি মামলা রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, রক্সি ওই এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছে এক আতঙ্কের নাম ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।