সারাদেশ

ফতুল্লায় ঝুট নিয়ে গোলাগুলি: থানা যুবদলের আহ্বায়ক মাসুদ বহিষ্কার

প্রিন্ট
ফতুল্লায় ঝুট নিয়ে গোলাগুলি: থানা যুবদলের আহ্বায়ক মাসুদ বহিষ্কার

প্রকাশিত : ১১ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৬:২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসের ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের গোলাগুলি ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের কথা জানানো হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত কার্যকর করেন।

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে রাজনৈতিক প্রভাব ও পেশিশক্তি ব্যবহারের অভিযোগ ওঠে মাসুদের বিরুদ্ধে। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। সংঘর্ষ চলাকালীন গুলিতে এক শিশুসহ অন্তত তিনজন গুলিবিদ্ধ হন।

জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি জানান, পূর্বের ব্যবসায়ীকে সরিয়ে প্রভাব খাটিয়ে ব্যবসা দখলের চেষ্টার ফলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতেই কেন্দ্র থেকে তাকে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং জড়িত অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।