সারাদেশ

শিমরাইল মোড়ে হকারদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন

প্রিন্ট
শিমরাইল মোড়ে হকারদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন

প্রকাশিত : ১১ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৬:৩৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে স্থায়ী পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় হকাররা। শনিবার (১১ এপ্রিল) সকালে আয়োজিত এই কর্মসূচিতে কয়েকশ হকার অংশ নেন। হকার আবদুস সালামের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য দুলাল সাহা।

হকাররা রোদ-বৃষ্টি উপেক্ষা করে কিস্তিতে পণ্য কিনে ব্যবসা করেন। উচ্ছেদ অভিযানের ফলে তারা পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।

বক্তারা দাবি করেন, হকাররা জনদুর্ভোগ সৃষ্টি করতে চান না, বরং সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে চান। যথাযথ নীতিমালা না থাকায় তাদের ওপর ঋণের বোঝা বাড়ছে।

সমস্যা সমাধানে জেলা প্রশাসক, সিটি মেয়র, স্থানীয় সংসদ সদস্য ও হকার প্রতিনিধিদের নিয়ে একটি গোলটেবিল বৈঠকের মাধ্যমে দ্রুত স্থায়ী পুনর্বাসন পরিকল্পনা গ্রহণের আহ্বান জানানো হয়।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাধারণ খেটে খাওয়া মানুষের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হলে কঠোর প্রতিবাদ গড়ে তোলা হবে। মানববন্ধন শেষে হকাররা তাদের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।