সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

প্রকাশিত : ১১ এপ্রিল ২০২৬, রাত ১০:০৯

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে ও পৌরসভার বাস্তবায়নে জেলা প্রশাসক চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।

উদ্বোধনের পর জেলা প্রশাসক চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ সময় মহাসড়কের পাশ ও অলিগলি থেকে জমে থাকা প্লাস্টিক, পলিথিনসহ নানা বর্জ্য অপসারণ করা হয়। পাশাপাশি সাধারণ মানুষকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে উদ্বুদ্ধ করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, প্লাস্টিক ও আবর্জনার কারণে পরিবেশ দূষিত হচ্ছে, যা ডেঙ্গুর মতো মরণব্যাধি ছড়ানোর প্রধান কারণ। একটি সুস্থ ও পরিচ্ছন্ন ঠাকুরগাঁও গড়তে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

অভিযানে আরও উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক সরদার মোস্তফা শাহিন, প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিবুজ্জামান রাকিব, প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠুসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।