নাটোরের বড়াইগ্রামে রাস্তা থেকে তুলে নিয়ে এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণচেষ্টা এবং লোকলজ্জার ভয়ে ওই ছাত্রীর বিষপানে আত্মহত্যার চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাব-১১। শনিবার (১০ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন নবীগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ হৃদয় (১৮) সে নাটোর জেলার বড়াইগ্রাম থানার পারবোর্নী গ্রামের কোরমান আলীর ছেলে।
মামলা ও র্যাব সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল বিকেলে ভুক্তভোগী স্কুলছাত্রী বাবার সাথে বাজার থেকে একা বাড়ি ফেরার পথে জোনাইল মহিলা কলেজ এলাকায় পৌঁছালে হৃদয় তার পথরোধ করে। এ সময় হৃদয় তাকে জোরপূর্বক কাঁধে তুলে পাশের ঘাসের জমিতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হৃদয় পালিয়ে যায়। পরে বাড়ি ফেরার পথে সে আবারও ছাত্রীকে লাঞ্ছিত করে এবং ঘটনাটি কাউকে না জানাতে হুমকি দেয়।
এই অপমান ও লজ্জায় ওই কিশোরী বাড়িতে গিয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের সদস্যরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ৯ এপ্রিল ছাত্রীর বাবা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।
র্যাব-১১-এর সদর কোম্পানির একটি চৌকস দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক হৃদয়কে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। র্যাব জানায়, চাঞ্চল্যকর এই ঘটনাটি গণমাধ্যমে প্রকাশের পর তারা আসামিকে ধরতে নজরদারি বৃদ্ধি করেছিল।
র্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মতামত