সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ফুটপাত দখলে ফের মরিয়া চাঁদাবাজ আনোয়ার: জনভোগান্তির আশঙ্কা

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে ফুটপাত দখলে ফের মরিয়া চাঁদাবাজ আনোয়ার: জনভোগান্তির আশঙ্কা

প্রকাশিত : ১২ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৭:১০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাইল মোড় এলাকায় সড়ক ও জনপদ বিভাগের (সওজ) উদ্ধারকৃত জায়গা ফের দখলের পাঁয়তারা শুরু করেছে দুর্ধর্ষ চাঁদাবাজ আনোয়ার হোসেন। গত ৫ এপ্রিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সার্ভিস লেন থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে যানজটমুক্ত করার কয়েকদিন যেতে না যেতেই আবারো সরকারি জায়গা নিজের কবজায় নিতে মরিয়া হয়ে উঠেছে এই চক্রটি।

জানা গেছে, শিমরাইল মোড় এলাকায় অবৈধভাবে স্থাপনা তৈরি করে দীর্ঘদিন ধরে যানজট ও জনভোগান্তি সৃষ্টি করে আসছিল একটি চক্র। জনদুর্ভোগ লাঘবে গত ৫ এপ্রিল সড়ক ও জনপদ বিভাগ মহাসড়কের সার্ভিস লেনে এক উচ্ছেদ অভিযান চালায়। এতে যান চলাচল স্বাভাবিক হয় এবং সাধারণ পথচারীদের হাঁটাচলার পথ সুগম হয়। তবে অভিযানের রেশ কাটতে না কাটতেই হাজী নেকবর আলী সুপার মার্কেটের মালিক আনোয়ার পুনরায় ওই জায়গা দখলের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফারুকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে আনোয়ার ও তার ভাই দেলোয়ার সিন্ডিকেট ফুটপাতে রাজত্ব কায়েম করেছিল। সরকার পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি হওয়ায় দেলোয়ার আত্মগোপনে চলে গেলেও, আনোয়ার সম্প্রতি পুনরায় প্রকাশ্যে এসে বেপরোয়া হয়ে উঠেছে। নিজের মার্কেটের সামনের ফুটপাত থেকে চাঁদাবাজি শুরু করতে সে নতুন করে ছক আঁকছে।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের এই অংশটি দখলমুক্ত হওয়ায় বর্তমানে যানবাহন চলাচল অনেকটা স্বাভাবিক। বিশেষ করে আদমজী ইপিজেডগামী হাজার হাজার শ্রমিকের যাতায়াতে স্বস্তি ফিরেছে। কিন্তু আনোয়ারের দখলের পাঁয়তারায় আবারো চরম যানজট ও ভোগান্তির শঙ্কায় রয়েছেন সাধারণ মানুষ ও যাত্রীসাধারণ।

স্থানীয়দের অভিযোগ, আনোয়ার ও তার বাহিনী ফুটপাত দখল করে দোকান বসিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। তারা অবিলম্বে এই চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মহাসড়কের সার্ভিস লেন চিরতরে দখলমুক্ত রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।