সারাদেশ

সিরাজদিখানে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিকল্পিত মানববন্ধনের অভিযোগ

প্রিন্ট
সিরাজদিখানে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিকল্পিত মানববন্ধনের অভিযোগ

প্রকাশিত : ১২ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৮:৩১

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ঘায়েল করতে পরিকল্পিতভাবে মানববন্ধন আয়োজনের অভিযোগ উঠেছে। রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার ১০ এপ্রিল পশ্চিম ব্রজেরহাটি গ্রামে একটি বিচার মজলিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। ভুক্তভোগী মোরসালিন রহমানের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে ওই দিন বিকেলে মুন্না (৩৭) ও মহিন (৪৭) তার ওপর হামলা চালায়। পরে রাত ৯টার দিকে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ মোরসালিনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

মোরসালিন রহমান দাবি করেন, পৈতৃক জমি দখলমুক্ত করতে বলায় মুন্না ও তার সহযোগীরা দীর্ঘ দিন ধরে তাদের ওপর ক্ষুব্ধ। গত শুক্রবারের হামলার ঘটনা ধামাচাপা দিতে এবং নিজেদের দায় এড়াতে প্রতিপক্ষ এখন ভিত্তিহীন অভিযোগ তুলে মানববন্ধনের নাটক সাজিয়েছে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত মহিন শেখের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, প্রকৃত ঘটনা উদ্ঘাটনে বিষয়টি সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।