সারাদেশ

ডেমরায় বন্ধ দুই পাটকল পরিদর্শনে এমপি কামাল হোসেন

প্রিন্ট
ডেমরায় বন্ধ দুই পাটকল পরিদর্শনে এমপি কামাল হোসেন

প্রকাশিত : ১২ এপ্রিল ২০২৬, রাত ১০:৩৬

রাজধানীর ডেমরায় দীর্ঘ ছয় বছর ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ব লতিফ বাওয়ানী জুট মিল ও করিম জুট মিল পুনরায় চালুর সম্ভাবনা যাচাই করতে কারখানা দুটি পরিদর্শন করেছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন। শনিবার (১১ এপ্রিল) সকালে তিনি পর্যায়ক্রমে মিল দুটি পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে এমপি কামাল হোসেন বলেন, বিগত নির্বাচনে আমাদের নির্বাচনী ইশতেহারে ডেমরার বন্ধ পাটকলগুলো চালুর অঙ্গীকার ছিল। সেই ধারাবাহিকতায় এই পরিদর্শন এবং বিষয়টি নিয়ে ইতোমধ্যে সংসদেও আলোচনা হয়েছে। পরিদর্শনে দেখা গেছে মিল দুটির উৎপাদন সক্ষমতা ও পরিবেশ এখনো বেশ ভালো।

তিনি আরও উল্লেখ করেন, বন্ধ থাকায় অনেক যন্ত্রপাতিতে জং ধরলেও দ্রুত সংস্কারের মাধ্যমে এগুলো চালু করা সম্ভব। সরকারি সিদ্ধান্তে যদি এখানে ইপিজেড বা ইকোনোমি জোন করা হয়, তবে আগের তুলনায় পাঁচ গুণ বেশি মানুষের কর্মসংস্থান হবে। এতে স্থানীয় অর্থনীতি ও সামাজিক জীবনযাত্রায় আবারও প্রাণ ফিরে আসবে। দ্রুত সময়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে এ সংক্রান্ত আবেদন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি।

লতিফ বাওয়ানী জুট মিলের মহাব্যবস্থাপক মো. মহিউদ্দিন সাদেক ও করিম জুট মিলের উপ-মহাব্যবস্থাপক মো. এনায়েত উল্লাহ জানান, সরকারি সিদ্ধান্তে কারখানাগুলো পুনরায় সচল হলে কয়েক হাজার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

উল্লেখ্য, লোকসান ও প্রশাসনিক ব্যয় কমানোর অজুহাতে ২০২০ সালের ১ জুলাই থেকে সরকারি সিদ্ধান্তে লতিফ বাওয়ানী ও করিম জুট মিলসহ দেশের রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকলের উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।