প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি বলেছেন, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের জাতীয় শিক্ষানীতিতে কোনো সুনির্দিষ্ট ভিশন ছিল না, যার ফলে শিক্ষার মানে ব্যাপক অবনতি হয়েছে। বিগত সময়ের ত্রুটিপূর্ণ শিক্ষানীতির কারণে আন্তর্জাতিক শ্রমবাজারেও দক্ষ জনশক্তি গড়ে উঠতে পারেনি।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর মিলনায়তনে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে লটারি প্রথা মেধাবীদের নিরুৎসাহিত করেছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের দক্ষতা অর্জনকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দিয়েছেন। তিনি আরও যোগ করেন, আমরা কোটি টাকা খরচ করে ভবন বানাচ্ছি, কিন্তু ভেতরে পড়াশোনার কী মান হচ্ছে তা দেখা জরুরি। কেবল উপর থেকে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে না, বরং শিক্ষকদেরই শিক্ষার গুণগত পরিবর্তনের দায়িত্ব নিতে হবে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ ছাড়া টেকসই শিক্ষা ব্যবস্থা সম্ভব নয়। দরিদ্র মেধাবীদের চিহ্নিত করে সরকারি উদ্যোগে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে।
সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আবদুস সালাম মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। আলোচনা সভা শেষে শিক্ষকদের নিয়ে দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
মতামত