সারাদেশ

বন্দরে এতিমদের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

প্রিন্ট
বন্দরে এতিমদের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২৬, রাত ১০:০০

নারায়ণগঞ্জের বন্দরে ভূমিদস্যুদের কবল থেকে অসহায় প্রতিবন্ধী ও এতিমদের সম্পত্তি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় বন্দর কলাবাগ এলাকায় ভুক্তভোগী পরিবারের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, প্রায় ৩০ বছর আগে কলাবাগ এলাকার মৃত সালাউদ্দিন সরদার কোনো বৈধ দলিল ছাড়াই জোরপূর্বক এতিমদের এই জমিটি দখল করেন। তার মৃত্যুর পর ছেলে জামায়াত নেতা নুরুল ইসলাম ও বোরহান গংরা সেই জমিতে অবৈধ বসতি গড়ে তুলে ভোগদখল করছেন। বর্তমানে নুরুল ইসলাম প্রবাসে থাকলেও তার ভাই বোরহানের মাধ্যমে ভুক্তভোগী প্রতিবন্ধী পরিবারটিকে এলাকাছাড়া করার পাঁয়তারা চালানো হচ্ছে।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এতিমদের পৈত্রিক জমি ফেরত দিতে হবে। অন্যথায় আগামীতে ভূমিদস্যুদের বিরুদ্ধে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

কর্মসূচিতে বক্তব্য রাখেন জাকির হোসেন, মাসুদ, জাহিদুল ইসলাম ভাবলু, মাছুম, নূর হোসেন ও শাহিদুল ইসলাম প্রমুখ। এসময় নিশি রহমান, শিমু বেগমসহ ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।