সারাদেশ

সিদ্ধিরগঞ্জের পাগলাবাড়িতে মাদকের সয়লাব: ফোন দিলেই মেলে মরণ নেশা

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জের পাগলাবাড়িতে মাদকের সয়লাব: ফোন দিলেই মেলে মরণ নেশা

প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২৬, রাত ১১:৩৪

সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাগলাবাড়ি এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার ঘটেছে। চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে ধ্বংসের পথে ধাবিত হচ্ছে স্থানীয় তরুণ ও যুবসমাজ। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের জিরো টলারেন্স নীতি থাকলেও এই এলাকায় মাদক কারবারিরা দিনদিন বেপরোয়া হয়ে উঠছে।

অনুসন্ধানে জানা যায়, পাগলাবাড়ি এলাকায় সুমি, রিতা, বকুল, লিমন, ইমরান, আব্বাস ও রহিমা নামের একটি প্রভাবশালী চক্র মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে। এদের অধীনে কাজ করে বিশাল এক সেলসম্যান বাহিনী। চক্রটি এতটাই আধুনিক যে, মাদকসেবীরা ফোনে অর্ডার করলেই দ্রুত সময়ের মধ্যে তাদের হাতে পৌঁছে যায় হেরোইন, ইয়াবা ও ফেনসিডিলের মতো মাদক। আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি নজরে রাখতে তাদের নিজস্ব ইনফর্মার বাহিনীও রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত মাদকসেবী ও বহিরাগতদের আনাগোনায় এলাকা অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। মাদকের টাকা জোগাতে এলাকায় চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনাও বাড়ছে। মাদক সিন্ডিকেটের সদস্যদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায় না, প্রতিবাদ করলেই জোটে হুমকি ও হয়রানি।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে বিশেষ অভিযান চালিয়ে সুমি-লিমন সিন্ডিকেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় না আনলে এলাকার সামাজিক পরিবেশ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।

এ বিষয়ে জানতে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের সরকারি মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।