সারাদেশ

ফতুল্লায় জাকির খানের নাম ভাঙিয়ে বসতবাড়িতে হামলা ও লুটপাট

প্রিন্ট
ফতুল্লায় জাকির খানের নাম ভাঙিয়ে বসতবাড়িতে হামলা ও লুটপাট

প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২৬, রাত ১২:০৪

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের নাম ভাঙিয়ে ফতুল্লার দেওভোগ এলাকায় এক বসতবাড়িতে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। রোববার (১২ এপ্রিল) রাতে দেওভোগ মাদরাসা পশ্চিম নগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ফারুক হোসেন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন, একই এলাকার দেলোয়ার, মো. মারুফ, মো. বাপ্পী, সীমান্ত ও আতাউল মারুফ।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফারুক হোসেনের পরিবারের সঙ্গে অভিযুক্তদের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একদল সন্ত্রাসী ফারুকের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ফারুকের বড় ভাই মানিক ও তার স্ত্রী রত্না বেগমকে মারধর এবং শ্লীলতাহানি করে। তামান্না আক্তার নামের এক নারী হামলার দৃশ্য ধারণ করতে গেলে তাকেও মারধর করা হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা ঘরে ঢুকে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা ও প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার লুট করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক খালি স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয়।

ভুক্তভোগী ফারুক হোসেন বলেন, হামলাকারীরা নিজেদের জাকির খানের লোক বলে দাবি করে। তারা তার নাম বিক্রি করে এলাকায় অপকর্ম ও জমি দখলের চেষ্টা করছে। আমি জানি জাকির খান এ ধরনের লোক নন। আমরা এই জুলুমের বিচার চাই এবং জাকির খানের দৃষ্টি আকর্ষণ করছি যাতে তিনি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।