সারাদেশ

বন্দরে মাদ্রাসা ছাত্র অপহরণের মাস্টারমাইন্ড গ্রেপ্তার

প্রিন্ট
বন্দরে মাদ্রাসা ছাত্র অপহরণের মাস্টারমাইন্ড গ্রেপ্তার

প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২৬, রাত ১২:১২

নারায়ণগঞ্জের বন্দরে আট বছরের মাদ্রাসা ছাত্র মোহাম্মদ ভূঁইয়া অপহরণের ঘটনায় মূল পরিকল্পনাকারী এমরান ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১২ এপ্রিল রাতে বন্দর উপজেলার মদনপুর চাঁনপুর এলাকায় অভিযান চালিয়ে এমরানকে গ্রেপ্তার করা হয়। এর আগে পটুয়াখালী থেকে গ্রেপ্তার হওয়া সহযোগী আলী হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে এই মূল হোতাকে শনাক্ত করে পুলিশ।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মার্চ মদনপুর চাঁনপুর এলাকার মোশাররফ হোসেনের ছেলে ওই ছাত্রকে নতুন জামা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করে এমরান ও তার চক্র। অপহরণের পর ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে প্রযুক্তির সহায়তায় পুলিশ পটুয়াখালী থেকে আলী হোসেনকে গ্রেপ্তার এবং ঢাকার শ্যামপুর এলাকা থেকে অপহৃত ছাত্রকে উদ্ধার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা তৌহিদ আলম জানান, গ্রেপ্তার এমরান এই অপহরণের মূল পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ড। তাকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, মামলার বাদী মোশাররফ হোসেন অভিযোগ করেছেন, গ্রেপ্তার এমরানের স্বজনরা মামলা তুলে নিতে তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। পুলিশ জানিয়েছে, হুমকির বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।