সারাদেশ

বর্ণাঢ্য আয়োজনে শ্রীপুরে বাংলা নববর্ষ উদযাপিত

প্রিন্ট
বর্ণাঢ্য আয়োজনে শ্রীপুরে বাংলা নববর্ষ উদযাপিত

প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২৬, বিকাল ৩:০৭

মাগুরার শ্রীপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী বর্ণাঢ্য শোভাযাত্রা, লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয় উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষ।

সকাল সাড়ে ৮টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লোকজ মেলা, যেমন খুশি তেমন সাজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আতাউর রহমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শ্রীপুর থানা, নির্মল কুমার সাহা অধ্যক্ষ, শ্রীপুর সরকারি কলেজ। অ্যাডভোকেট হারুন অর রশীদ সদস্য মাগুরা জেলা বিএনপি। আশরাফুল আলম জোয়ারদার, সাবেক সভাপতি, শ্রীপুর উপজেলা বিএনপি। বদরুল আলম হিরো সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা।

এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খান, শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশিদসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

শোভাযাত্রা শেষে উপজেলা মিনি স্টেডিয়ামের মুক্তমঞ্চে উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালক মো. আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।