সারাদেশ

রূপগঞ্জে ডাকাত আতঙ্ক: পরিবারের সবাইকে বেঁধে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

প্রিন্ট
রূপগঞ্জে ডাকাত আতঙ্ক: পরিবারের সবাইকে বেঁধে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২৬, রাত ১১:৩৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১১ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৪টার দিকে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের মধুখালী এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী জমি ব্যবসায়ী হাসান মিয়া জানান, ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা হাসান মিয়া, তার স্ত্রী ও মাকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে আলমারি ভেঙে নগদ ৪ লাখ টাকা ও ৭ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার লুটে নেয়। যাওয়ার সময় চিৎকার করলে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায় তারা।

স্থানীয়রা জানান, এলাকায় ডাকাতির উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত দুই দিন আগে একই এলাকার আলমগীরের বাড়িতে এবং তার কিছুদিন আগে শিহাব নামে এক ব্যক্তির বাড়ি থেকে গবাদিপশু লুটের ঘটনা ঘটেছে। একের পর এক এমন ঘটনায় পুরো এলাকায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ও পূর্বাচল ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক হারুন উর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।