সারাদেশ

বন্দরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক

প্রিন্ট
বন্দরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক

প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২৬, রাত ১১:৪৭

নারায়ণগঞ্জের বন্দরে খেলাধুলা করার সময় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১২) তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর নানী বাদী হয়ে মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলার পর থেকেই অভিযুক্ত প্রতিবেশী ইউসুফ মিয়া পলাতক রয়েছে।

গত রোববার (১২ এপ্রিল) বিকেলে বন্দর থানার ২৪ নম্বর ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মামলার তথ্যমতে, ভুক্তভোগী শিশুটি আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। ওই দিন বিকেলে শিশুটির নানী বাড়ির কাজের প্রয়োজনে বাইরে গেলে শিশুটি উঠানে খেলা করছিল। অভিযোগ রয়েছে, এই সুযোগে প্রতিবেশী ইউসুফ শিশুটির মুখ চেপে ধরে তার বাড়িতে তুলে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। পরে নানী বাড়ি ফিরে নাতনিকে কান্নাকাটি করতে দেখে বিষয়টি জানতে পারেন।

পুলিশ ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। মামলার প্রধান আসামি ইউসুফ (৪৫) দেউলী চৌরাপাড়া এলাকার মৃত কাশেম আলীর ছেলে।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা আশরাফ উদ্দিন জানান, শিশু ধর্ষণের ঘটনায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর থেকেই আসামি আত্মগোপনে রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।