ঘটনার বিবরণ পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (১৩ এপ্রিল) ভোরে ডেমরার উত্তর বাজার এলাকায় ভাড়া বাসায় মাদকাসক্ত ইসরাফিল তার স্ত্রী ছুরিয়ার কাছে মাদকের জন্য ৫০০ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় স্ত্রীকে ছুরিকাঘাত করতে যান তিনি। এ সময় মা ও বাবার বাগবিতণ্ডার মাঝে কিশোর ছেলে নুর হোসেন জড়িয়ে পড়ে এবং বাবার হাত থেকে ছুরি কেড়ে নেয়। উত্তেজনার একপর্যায়ে নুর হোসেন বাবার বুকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই ইসরাফিলের মৃত্যু হয়।
নিহত ইসরাফিল নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার সুতালারা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং টাকার জন্য প্রায়ই পরিবারে অশান্তি সৃষ্টি করতেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ছুরিয়া বাদী হয়ে ছেলের বিরুদ্ধে ডেমরা থানায় হত্যা মামলা দায়ের করেন।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রূপগঞ্জ থেকে অভিযুক্ত নুর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
মতামত