সারাদেশ

সিদ্ধিরগঞ্জে মাদকের বিস্তার: খুচরা বিক্রেতা ধরলেও ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে মাদকের বিস্তার: খুচরা বিক্রেতা ধরলেও ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা

প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২৬, রাত ১২:০৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাগলাবাড়ি এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার ঘটেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঝেমধ্যে অভিযান চালিয়ে খুচরা বিক্রেতাদের গ্রেপ্তার করলেও অধরাই থেকে যাচ্ছে মূল হোতারা। ফলে মাদক নির্মূল করা সম্ভব হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

অনুসন্ধানে জানা যায়, পাগলাবাড়ি এলাকায় একটি শক্তিশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে হেরোইন, ইয়াবা ও ফেনসিডিলের কারবার নিয়ন্ত্রণ করছে। স্থানীয়দের অভিযোগ, এই সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছে সুমি, রিতা, বকুল, লিমন, ইমরান, আব্বাস, কসাই স্বপন ও রহিমা। তারা নিজস্ব গোয়েন্দা বাহিনীর মাধ্যমে প্রশাসনের গতিবিধি পর্যবেক্ষণ করে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাচ্ছে। মাদকের এই সহজলভ্যতায় এলাকার তরুণ প্রজন্ম ধ্বংসের পথে ধাবিত হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বাসিন্দারা জানান, এই মাদক সিন্ডিকেট এতটাই প্রভাবশালী যে, কেউ প্রতিবাদ করলে তাকে নানাভাবে হয়রানির শিকার হতে হয়। সন্ধ্যার পর বহিরাগত মাদকসেবীদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধও বাড়ছে। অনেক ক্ষেত্রে পুলিশের কিছু অসাধু কর্মকর্তার সঙ্গে সখ্য থাকায় অভিযানের আগেই হোতারা পালিয়ে যেতে সক্ষম হয়।

সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করলেও মাঠ পর্যায়ে পাগলাবাড়ি এলাকার চিহ্নিত মাদক কারবারিরা এখনো বেপরোয়া। মাদক বিক্রির জন্য তারা একাধিক খুচরা বিক্রেতা ও নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করছে, যারা ফোন করলেই গ্রাহকের হাতে মাদক পৌঁছে দেয়।

এলাকাবাসীর দাবি, শুধু খুচরা বিক্রেতা নয়, এই মাদক সিন্ডিকেটের মূল হোতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে এলাকার সামাজিক পরিবেশ রক্ষা করা কঠিন হয়ে পড়বে। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে জেলা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।