ভুক্তভোগীদের অভিযোগ, ফতুল্লার ভূঁইঘর এলাকার বাসিন্দা কাজী আব্দুস সাত্তার (৫০), সাকিব (৪১) ও মাসুদের নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী জমিতে হামলা চালায়। তারা নির্মাণাধীন বেড়া ভাঙচুর ও নির্মাণসামগ্রী লুটপাট করে। বাধা দিলে জমির মালিক নজরুল ও খোকনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।
আহত নজরুল ইসলাম জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. ইয়াছিন মিয়ার ভাগ্নে পরিচয় দিয়ে রাজনৈতিক প্রভাবে কাজ আটকে রাখতেন আব্দুস সাত্তার। সম্প্রতি জমিতে কাজ শুরু করলে তিনি ২ কোটি টাকা চাঁদা দাবি করেন এবং তা না পেয়ে হামলা চালান।
অপর ভুক্তভোগী খোকন আহমেদ জানান, গত ২৭ মে একই কারণে আব্দুস সাত্তার বাহিনী হামলা চালালে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। বর্তমানে তারা চাঁদা না দিলে লাশ মাটিচাপা দেওয়ার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। এছাড়া সাইনবোর্ড এলাকার একটি বেসরকারি হাসপাতাল মালিকের কাছে ৫ কোটি টাকা এবং ২০২২ সালে শান্তিধারা এলাকার কাউসার আহমেদ নামের একজনের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি ও হামলার অভিযোগ রয়েছে এই সাত্তার বাহিনীর বিরুদ্ধে।
অভিযোগের বিষয়ে কাজী আব্দুস সাত্তারের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, "ঘটনাটি শুনেছি, তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।" এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
মতামত